বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টি না করে, ভারতীয় হাইকমিশনারের প্রতি আহ্বান : উপদেষ্টা মাহদী আমিন ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজের নিবন্ধন নিশ্চিত করতে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা মোদিকে তার ৭৬তম জন্মদিনে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে যা বললেন শ্রীলেখা চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছরের জন্য বিএনপি নেতা ইদ্রিস মিয়া ইতিহাস গড়ল ‘অসম প্রেমের’ সিনেমাটি, ২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন ধানমন্ডির দুই মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেল ক্রীড়া মন্ত্রণালয় কনসার্টে দুই পক্ষের সংঘর্ষ : জবি ছাত্রদলের দুই নেতাকে শোকজ মাস্কাটে হুথিদের সঙ্গে বৈঠকের পর সৌদিকে সহায়তা না করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের রংপুর অভিমুখী লংমার্চ হবে শান্তিপূর্ণ, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না : গোলাম পরওয়ার যেকোনো পরিস্থিতিতে সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী সৌদি আরব বিকল্প পথে তেল পাঠাবে , কমলো দাম গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নের কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের বর্তমানে সমাপ্তির দিকে যাচ্ছে : ট্রাম্প পর্যটন খাতকে টেকসই ও আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী

ডেপুটি স্পিকারের সঙ্গে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার স্পিকারদের বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) অংশ নিয়ে পাকিস্তান এবং আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার স্পিকারদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের নেতা ব্যারিস্টার কায়সার কামাল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত কেপটাউনে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রাক্কালে গত ১৪ সেপ্টেম্বর বৈঠক দুটি অনুষ্ঠিত হয়।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে উভয় নেতা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে তারা পার্লামেন্টারি ডিপ্লোমেসির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুই দেশের সংসদের মধ্যে নিয়মিত সংলাপ, প্রতিনিধিদল বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। বৈঠক শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল পাকিস্তানের স্পিকারকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। অন্যদিকে পাকিস্তানের স্পিকারও বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় দেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

একই দিন দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার অ্যাঞ্জেলা থোকোজিলে (থোকো) ডিডিজা এবং ডেপুটি স্পিকার ড. অ্যানেলি লট্রিয়েটের সঙ্গে অন্য এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন ডেপুটি স্পিকার কায়সার কামাল। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় ডেপুটি স্পিকার বলেন, বাণিজ্য ও বিনিয়োগের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি-বেসরকারি পর্যায়ে যোগাযোগের পাশাপাশি ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বাড়ানো প্রয়োজন।

একই সঙ্গে ঢাকায় দক্ষিণ আফ্রিকার একটি আবাসিক হাইকমিশন স্থাপনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনার জন্য দেশটির নেতাদেরকে অনুরোধ জানান ডেপুটি স্পিকার। তিনি উল্লেখ করেন, ঢাকায় হাইকমিশন স্থাপিত হলে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ, কনস্যুলার সেবা, বাণিজ্য ও জনগণের মধ্যকার সম্পর্ক আরও সহজ ও শক্তিশালী হবে। বৈঠকে উভয় পক্ষ পার্লামেন্টারি ডিপ্লোমেসির মাধ্যমে সম্পর্ক জোরদার ও নিয়মিত অভিজ্ঞতা বিনিময়ে সম্মত হয়। এ সময় বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হুমাম কাদের চৌধুরী, সাকিলা ফারজানা, মো. মাহবুবুল আলম, এবং জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সারওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন।