আন্তর্জাতিক ডেস্কঃ কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ কারিগরি আলোচনা চলছে বলে বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।
সূত্রটি জানায়, বুধবারের কারিগরি বৈঠকের জন্য পরিবেশ তৈরি করতে মার্কিন দূত স্টিভ হুইটেকার এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার গতকাল কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে তারা নিজেরা এই আলোচনায় উপস্থিত নেই।
যুক্তরাষ্ট্র এবং ইরানের শীর্ষ পর্যায়ের আলোচকরা মুখোমুখি সাক্ষাৎ করবেন না বলে জানা গেছে। ওয়াশিংটন বলছে, তেহরানের সঙ্গে কারিগরি আলোচনা অব্যাহত রয়েছে।
অপরদিকে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে মুখোমুখি আলোচনার কথা অস্বীকার করেছে এবং বলেছে, আলোচনা অন্তর্বর্তীকালীন চুক্তি বাস্তবায়নের ওপর কেন্দ্রীভূত, যার মধ্যে জব্দকৃত তহবিল ছাড়ও অন্তর্ভুক্ত রয়েছে।