নিজস্ব প্রতিবেদকঃ দেশকে এগিয়ে নিতে হলে প্রাথমিক বিদ্যালয় ও প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে সবার আগে ঠিক করতে হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। শনিবার (১৮ জুলাই) সকালে আদর্শ সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মনিরুল হক চৌধুরী বলেন, বিগত আওয়ামী সরকারের শাসিত ১৭ বছরে দেশের অনেক ক্ষতি হয়েছে, তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শিক্ষা ব্যবস্থার। এ সেক্টরটি একেবারে পচে গেছে। এখন শিক্ষাখাতকে বাঁচাতে হলে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শিক্ষাখাতের আমূল পরিবর্তনের বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছেন।
মনিরুল হক চৌধুরী আরও বলেন, আমি এডুকেশন পলিসি কুমিল্লা কনসেপ্ট নিয়ে কাজ করছি। এ কনসেপ্ট সরকারকে দেব। এ বিষয়ে কুমিল্লায় একটি শিক্ষক সমাবেশের আয়োজন করা হবে। সেখানে প্রাথমিক শিক্ষকদের প্রতিনিধিরাও অংশ নেবেন। শিক্ষক সমাবেশে শিক্ষামন্ত্রী ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন। সেখানে আপনারা আপনাদের সব দাবি তুলে ধরবেন।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের ওপর দীর্ঘদিন ধরে অনেক অবিচার করা হয়েছে। তারা নানাভাবে বঞ্চনার শিকার হয়েছেন। বর্তমান বিএনপি সরকার প্রাথমিক শিক্ষকদের নিয়ে ভাবছে এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে।
এমপি মনিরুল হক চৌধুরী বলেন, একজন শিক্ষকই পারেন একজন শিক্ষার্থীকে বদলে দিতে, তার সুপ্ত মেধার বিকাশ ঘটাতে। আমি স্কুলজীবনে অঙ্কে ফেল করতাম। তখন আমার শিক্ষক ছিলেন কোরবান আলী স্যার। তাঁর আন্তরিক পরিচর্যায় আমি এসএসসি পরীক্ষায় অঙ্কে লেটার মার্কস পেয়েছিলাম।
মতবিনিময় সভায় জহুরেন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আহমেদ চৌধুরী সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।