নিজস্ব প্রতিবেদকঃ নগরীর যানজট নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে গতকাল রোববার বিকেলে নগরীর টমসমব্রিজ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে শতাধিক অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। নগরীর টমছমব্রীজ থেকে কোটবাড়ি বিশ্বরোড সড়কের উপরে থাকা টমছমব্রীজ কাচা বাজারটিও উচ্ছেদ করা হয়।
সিটি করপোরেশন সূত্র জানায়, প্রধান সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে দীর্ঘদিন ধরে টমসমব্রিজ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। এতে নগরবাসীর পাশাপাশি বিভিন্ন প্রয়োজনে শহরে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চলাচলে বিঘ্ন ঘটছিল এবং মূল্যবান সময় নষ্ট হচ্ছিল।
এ অবস্থায় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সিটি করপোরেশন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান , নগরীতে যানজট কমানো ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং জলাবদ্ধতা নিরসনে এ ধরনের উচ্ছেদ অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। যে কোন স্থাপনা উচ্ছেদের আগে তাদেরকে সতর্কতা এবং পরে যাবার জন্য আগে থেকেই নোটিশ দেয়া হয়। যারা সেই নোটিশ মানেন না তাদেরকেই পরবর্তীতে সিটি কর্পোরেশন উচ্ছেদ করে। সড়কের উপর যত অবৈধ স্থাপনা থাকবে সেগুলোই আইনানকভাবে অপসারণ করা হবে।
সিটি কর্পোরেশনের অভিযানে উচ্ছেদ হওয়া পঞ্চম ব্রিজ কাঁচা বাজারের মুরগির ব্যবসায়ী জাবেদ হোসেন জানান, আগে থেকেও উচ্ছেদের বিষয়টি জানানো হয়েছিল, তারপরও আমরা সিটি কর্পোরেশনে গিয়ে কথা বলেছিলাম কোনরকম টিকে থাকার জন্য। কিন্তু সিটি কর্পোরেশন শেষ পর্যন্ত আমাদেরকে উচ্ছেদ করলো। এখন এই মালামাল নিয়ে কোথায় যাব? সবজি ব্যবসায়ী হৃদয় হোসেন জানান, মালামাল সরাতে পেরেছি কিন্তু দোকানটি ভেঙে ফেলা হয়েছে। আমরা এখানে ভাড়া দিয়ে থাকতাম। তবে ভাড়া টাকা কে নিতো সেটি মহাজন জানে।
অভিযান চলাকালে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।