সূত্রের খবর, ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজনের জন্য ১৫টি এপিসোডের চুক্তি করেছেন অজয় দেবগন। গোটা সিজনের জন্য তাঁর পারিশ্রমিক প্রায় ৯০ কোটি টাকা বলে দাবি করা হচ্ছে। অর্থাৎ হিসাব করলে প্রতি এপিসোডে প্রায় ৬ কোটি টাকা। এই অঙ্ক তাঁকে দেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া টেলিভিশন সঞ্চালকদের তালিকায় অবশ্যই প্রথম সারিতে রাখছে। কিন্তু দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত টিভি হোস্ট এখনও তিনি নন।
এই তালিকায় এখনও শীর্ষস্থান ধরে রেখেছেন সালমান খান। ‘বিগ বস’-এর সঞ্চালক হিসেবে দীর্ঘদিন ধরেই টেলিভিশনে রাজত্ব করছেন ভাইজান। প্রায় ১৫ বছর ধরে এই রিয়্যালিটি শোয়ের সঙ্গে যুক্ত তিনি। বছরের পর বছর অনুষ্ঠানের জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাঁর পারিশ্রমিকও।
রিপোর্ট অনুযায়ী, ‘বিগ বস’-এর সঞ্চালনা শুরু করার সময় সালমান প্রতি এপিসোডে প্রায় ২.৫ কোটি টাকা পেতেন। পরবর্তী সময়ে সেই অঙ্ক একাধিকবার বেড়েছে। ‘বিগ বস’-এর ১৫ ও ১৬ নম্বর সিজনে তাঁর পারিশ্রমিক সপ্তাহে প্রায় ১৫ কোটি টাকা পর্যন্ত পৌঁছেছিল বলে খবর। চার মাসের দীর্ঘ সিজন ধরলে সেই অঙ্ক প্রায় ২৫০ কোটি টাকায় পৌঁছতে পারে।