নিজস্ব প্রতিবেদক: ফুটপাত দখল করে রাখায় কুমিল্লা সিটি কর্পোরেশনের চলমান উচ্ছেদ অভিযানে আরো দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ফুটপাত দখল করে নির্মানাধীন ভবনের বালু রাখায় সেগুলো জব্দ করেছে নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট।
বুধবার বিকেলে নগরীর ২ নং ওয়ার্ডের মগবাড়ি চৌমুহনী ও আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট নাজিয়া হোসেন জানান, নগরবাসীর নির্বিঘ্ন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে এবং সড়ক ও ফুটপাতকে হকার ও অবৈধ দখলমুক্ত রাখার লক্ষ্যে আজ কুমিল্লা নগরীর মগবাড়ী চৌমুহনী ও এর আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় খাজা গার্ডেন ও সোনার বাংলা হোটেলকে ড্রেনের উপর ফুটপাত দখল করে রাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ড্রেনের উপরে থাকা অংশ উচ্ছেদ করা হয়। এসময় ওই এলাকায় ফুটপাতের উপরে বালু রেখে নির্মান কাজ পরিচালনার অভিযোগে ওই বালু জব্দ করা হয়।
অভিযান চলাকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। নগরবাসীর স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।