আন্তর্জাতিক ডেস্কঃ কয়েক দিনের চরম কূটনৈতিক ধোঁয়াশার অবসান ঘটিয়ে অবশেষে চলতি সপ্তাহের শেষের দিকে ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার চীন ও ভারতের পক্ষ থেকে শি জিনপিংয়ের এই সফরের তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।”
এর আগে, বৃহস্পতিবার সকালের দিকেও শি জিনপিংয়ের নয়াদিল্লি সফর নিয়ে পরিষ্কার তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়া-কুন। ব্রিকস সম্মেলনে অংশ নিতে চীনা প্রেসিডেন্ট ভারতে যাচ্ছেন কি না; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, “এ বিষয়ে আমার কাছে জানানোর মতো কোনো তথ্য নেই।”
২০২০ সালে গালওয়ান উপত্যকার সীমান্ত সংঘাতের পর দুই দেশের সম্পর্কে তীব্র টানাপোড়েন তৈরি হয়। সেই রক্তক্ষয়ী সংঘর্ষে ভারতীয় ২০ সৈন্য এবং চীনের সেনাবাহিনীর কয়েকজন সদস্য নিহত হন। সেই তিক্ততার দীর্ঘ সাত বছর পর এবারই প্রথম ভারত সফরে যাচ্ছেন শি জিনপিং।
এর আগে, ২০১৯ সালে চেন্নাইয়ের কাছে মামাল্লাপুরমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে সর্বশেষ ভারত সফর করেছিলেন চীনের প্রেসিডেন্ট।
দুই নেতাই নিজ নিজ দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথম মেয়াদে থাকাকালে ২০১৪ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো ভারত সফর করেন শি জিনপিং। পরে ২০১৬ সালে গোয়ায় অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে দ্বিতীয়বার ভারতে যান তিনি।