ইমরান, মনোহরগঞ্জঃ CIP জসীমউদ্দীন উন্নয়ন ফোরামের প্রেসিডেন্টের নির্দেশে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের একটি প্রতিনিধিদল মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সৌজন্য সাক্ষাৎকালে উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় তারা বলেন, উন্নয়ন ফোরাম একটি অলাভজনক ও মানবিক সংগঠন। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার, মানবিক মর্যাদা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায়, হতদরিদ্র, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই উন্নয়ন ফোরামের অন্যতম প্রধান লক্ষ্য। প্রাকৃতিক দুর্যোগ, মহামারি কিংবা যেকোনো সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে সংগঠনটি কাজ করছে।
তারা আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে CIP জসীমউদ্দীন উন্নয়ন ফোরাম প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে। অসহায় মানুষের সহায়তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা ভূমিকা রেখে আসছেন।
নেতৃবৃন্দ জানান, করোনাকালীন (কোভিড-১৯) সংকটের সময়ও সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। অনেক নিম্নআয়ের ও অসহায় পরিবার কর্মহীন হয়ে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়ে। ওই সময় মানুষের পাশে দাঁড়ানো, সহযোগিতা করা এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার গুরুত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। উন্নয়ন ফোরামও মানবিক মূল্যবোধকে সামনে রেখে সংকটাপন্ন মানুষের পাশে থাকার উদ্যোগ গ্রহণ করে।
এ ছাড়া ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ যখন চরম দুর্ভোগ ও অসহায়ত্বের মধ্যে পড়েন, তখন উন্নয়ন ফোরামের পক্ষ থেকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো হয়। বন্যাকবলিত মানুষের মাঝে খাদ্য, ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি দুর্যোগের সময় মানুষের পাশে থাকার সামাজিক দায়বদ্ধতার কথাও তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ।
তারা বলেন, শুধু দুর্যোগের সময় নয়, স্বাভাবিক সময়েও সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা এবং অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সৌজন্য সাক্ষাৎকালে উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ মনোহরগঞ্জের সার্বিক সামাজিক উন্নয়ন, জনকল্যাণ ও মানবিক কার্যক্রমে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি প্রফেসর আশরাফুজ্জামান মোল্লা, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মিজি, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাফি, শ্রম ও কর্মসংস্থান সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফিরোজ আলম এবং আনোয়ার হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।