নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৪০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। এ ঘটনায় সার পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে নগরের কোতোয়ালি থানাধীন চাক্তাই খালের পশ্চিমে বালুর মাঠসংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে একটি কার্গো বোট থেকে এসব সার জব্দ করা হয়।
যারা আটক হয়েছেন তারা হলেন— কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক প্রকাশ শেখান (৪৫), আবদুল হক (২৪) ও নুরুল ইসলাম জাহেদ (১৬)।
পুলিশ জানায়, মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে কার্গো বোটে ইউরিয়া সারগুলো তোলা হয়েছিল। অভিযান চালিয়ে ৪০০ বস্তা সারসহ তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে জব্দ করা ইউরিয়া সার ও কার্গো বোটটি পুলিশের হেফাজতে নেওয়া হয়।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব বলেন, মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে কার্গো বোটে তোলা ইউরিয়া সারগুলো জব্দ করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। আটক তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।