মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে বাংলা‌দেশ-জাপান চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বদলে যাবে ভারত-পাকিস্তানের ভাগ্য? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ‘কিং’-এর পোস্টারে শাহরুখের চমক, ‘ঘাতক নই, আমি প্রেমিক’ বর্তমান সরকার মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ বিপর্যয় ব্রাজিলের সদ্য-সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচন ‘কারচুপিপূর্ণ’, ‘দুর্নীতিগ্রস্ত’ : ট্রাম্প টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে যা ভাবছেন শান্ত ঢাকায় শুরু হচ্ছে ২০টির বেশি দেশের অংশগ্রহণে পর্যটন মেলা শেখ হাসিনা দেশে ফিরলে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না : প্রধানমন্ত্রীর উপদেষ্টা আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপান নিরাপত্তাঝুঁকির কারণে সৌদি আরবে থাকা অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হওয়ায় জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : তারো আসো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি

জনগণের আস্থা অর্জন করতে হবে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন নয় : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন নয়, জনগণের কাছে গ্রহণযোগ্যতা ও ভোটে জয়ের সক্ষমতাকে গুরুত্ব দিয়ে প্রার্থী বাছাই করতে বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে নির্বাচনে সরকারি হস্তক্ষেপ না করার আশ্বাস দিয়ে স্থানীয় পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দিয়েছেন তিনি।মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন তারেক রহমান।

নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের প্রায় সাড়ে ৪০০ নেতাকর্মী অংশ নেন।

সভায় উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনসমর্থন ও নির্বাচনে জয়ী হওয়ার সক্ষমতাকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। অতীতের ফ্যাসিবাদী সরকারের মতো বর্তমান সরকার নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলেও আশ্বস্ত করেন তিনি। এ অবস্থায় নেতাকর্মীদের নিজেদের মধ্যে বিভেদ এড়িয়ে ঐক্যবদ্ধভাবে গ্রহণযোগ্য প্রার্থী নির্ধারণের নির্দেশনা দেন।

স্থানীয় নির্বাচনে দলীয় অবস্থান শক্তিশালী করতে জনসম্পৃক্ততা বাড়ানো এবং তৃণমূল পর্যায়ে সমন্বয়ের ওপরও গুরুত্ব দেন তারেক রহমান।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নেতাকর্মীদের সতর্ক করেন প্রধানমন্ত্রী। সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে অপরাধ ৫০ শতাংশ কমানো সম্ভব বলে মন্তব্য করেন তারেক রহমান।

দলীয় নেতাকর্মীদের অপরাধে না জড়ানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। পাশাপাশি সরকারের ভালো কাজগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সামরিক উড়োজাহাজে রাজশাহী থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

পরে নগরের রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে র‍্যাডিসন ব্লু হোটেলে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেএম সেন হল ও র‍্যাডিসন ব্লু হোটেলের সামনে নেতাকর্মী ও উৎসুক মানুষের ভিড় দেখা যায়। রাতে চট্টগ্রাম ত্যাগ করেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত ৯ আগস্ট প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এসেছিলেন তারেক রহমান। ওই সফরে বাঁশখালী, ফটিকছড়ি, হাটহাজারী ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।