সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন দূতাবাস জানায়, নিরাপত্তাঝুঁকির কারণে অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সৌদি আরব ত্যাগ করতে বলা হয়েছে। পোস্টে সৌদি আরবের বিমানবন্দরসহ বিভিন্ন অবকাঠামোতে হুথিদের হামলার কথা উল্লেখ করে দূতাবাস সতর্ক করেছে, চলমান শত্রুতা দ্রুত ওই নির্দিষ্ট এলাকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে।
এছাড়া সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে মার্কিন দূতাবাস। প্রয়োজন হলে বিমানবন্দর ব্যবহার করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ‘চরম সতর্কতা’ অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের সতর্কবার্তায় সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতির সম্ভাব্য অবনতির পাশাপাশি বিমান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কাও উঠে এসেছে। তবে বিবৃতিতে সম্ভাব্য পরিস্থিতি আরও কতটা বিস্তৃত হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।
সূত্র: আল-জাজিরা