মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :
সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে বাংলা‌দেশ-জাপান চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বদলে যাবে ভারত-পাকিস্তানের ভাগ্য? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন ‘কিং’-এর পোস্টারে শাহরুখের চমক, ‘ঘাতক নই, আমি প্রেমিক’ বর্তমান সরকার মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ বিপর্যয় ব্রাজিলের সদ্য-সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচন ‘কারচুপিপূর্ণ’, ‘দুর্নীতিগ্রস্ত’ : ট্রাম্প টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে যা ভাবছেন শান্ত ঢাকায় শুরু হচ্ছে ২০টির বেশি দেশের অংশগ্রহণে পর্যটন মেলা শেখ হাসিনা দেশে ফিরলে মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না : প্রধানমন্ত্রীর উপদেষ্টা আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে প্রায় ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপান নিরাপত্তাঝুঁকির কারণে সৌদি আরবে থাকা অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হওয়ায় জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : তারো আসো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি

কুমিল্লার শীর্ষ আলেম আল্লামা নুরুল হকের জানাযায় লাখো মানুষের ঢল, চৌদ্দগ্রামে দাফন

কুমিল্লা প্রতিনিধিঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও কুমিল্লা জেলা সভাপতি আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লির সমাগম হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ টি এ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে তাঁকে চৌদ্দগ্রাম উপজেলার দাতামা (সাতবাড়িয়া) গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

গতকাল মঙ্গলবার রাত ১১টা ৩৬ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লামা নুরুল হক, যিনি বটগ্রামের হুজুর নামে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ১০৫ বছর।

জানাজায় কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আলেম-উলামা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি, ভক্ত-অনুরাগী ও সর্বস্তরের মানুষ অংশ নেন। সকাল থেকেই প্রিয় আলেমকে শেষবারের মতো বিদায় জানাতে জানাজাস্থলে মানুষের ঢল নামে।

বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে সুয়াগঞ্জ ও আশপাশের এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। মুসল্লিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, ছাত্র ও অনুসারীদের প্রতি সমবেদনা জানান।

আল্লামা নুরুল হক হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও কুমিল্লা জেলা সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বটগ্রাম মাদ্রাসার শায়খুল হাদিস ও মুহতামিম এবং কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সভাপতির দায়িত্বে ছিলেন।

দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা ও কওমি মাদ্রাসাভিত্তিক ধর্মীয় অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আল্লামা নুরুল হক। তাঁর কাছে শিক্ষা গ্রহণ করা অসংখ্য ছাত্র বর্তমানে ধর্মীয় অঙ্গনে দায়িত্ব পালন করছেন।

বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ভুগছিলেন এই বর্ষীয়ান আলেম। মৃত্যুকালে তিনি ১০ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, ছাত্র, শিষ্য ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পৈতৃক নিবাস কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দাতামা (সাতবাড়িয়া) গ্রামে।

আল্লামা নুরুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।

এক শোকবার্তায় মনিরুল হক চৌধুরী বলেন, ‘আল্লামা নুরুল হক ছিলেন এ অঞ্চলে দ্বীনি শিক্ষার একজন পথিকৃৎ ও প্রাজ্ঞ আলেম। দ্বীনি শিক্ষার প্রসার এবং অসংখ্য আলেম গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে আলেমসমাজ ও দ্বীনি অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়েছে।’

শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন মনিরুল হক চৌধুরী। মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দানের প্রার্থনাও জানান তিনি।